চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। সফর শেষে ২৯ আগস্ট দেশে ফিরবেন।
সফরে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
সফরকালে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করতে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষা বিষয়ক বিভিন্ন ফোরাম ও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
এ ছাড়া চীনের বিভিন্ন টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট পরিদর্শন করবেন মন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে শিক্ষা সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরেরও কথা রয়েছে।



































