স্টাফ রিপোর্টারঃ গ্যাস সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নগরীর টাউন হলের সামনে অবস্থান কর্মসূচি শেষে নেতারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের উচ্চমূল্যে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তিনি।
আরও পড়ুনঃ বরিশাল জেলার ইতিহাস
এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, জাগপা বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ, মহানগর কর্মপরিষদের মাওলানা হাবিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব আবু সাইদ খানসহ অন্য নেতারা।
সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে।































