পটুয়াখালীর বাউফলে স্পিড ট্রাস্টের আয়োজনে জন সমবায় দলীয় নেতাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা বীর উত্তম শামসুল আলম তালুকদার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চন্দ্রদ্বীপের ৯টি গ্রুপ, নাজিরপুরের ৩টি গ্রুপ, বিলবিলাসের ৩টি গ্রুপ এবং ল্যান্ড রাইটস ইয়ুথ গ্রুপের মোট ২২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৫ জন পুরুষ ও ১৭ জন নারী।
স্পিড ট্রাস্টের মিশন হেড শামসুল ইসলাম দিপুর পরিচালনায় সভায় গ্রুপ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়, খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল, সরকারি সেবা গ্রহণ ও প্রয়োগ, এএলআরডি থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বিনিময় এবং যৌথ পুঁজি (সঞ্চয়) বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এছাড়া জন সমবায় দলের উদ্যোগে এলএসপি ভ্যাকসিন কার্যক্রম, কৃষিতে পোকামাকড় দমন ওষুধ তৈরি, ফার্স্ট এইড বক্স ও পরামর্শসেবা, চলমান যৌথ উদ্যোগ, কৃষিপণ্য ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং আগামী ছয় মাসের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
দিনব্যাপী সভার অংশ হিসেবে বাস্তব প্রয়োগ ও শেখার উদ্দেশ্যে অংশগ্রহণকারীদের তিনটি দলে বিভক্ত করা হয়। পরে দলগুলো উপজেলা ভূমি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করে সংশ্লিষ্ট সরকারি সেবা ও কার্যক্রম সম্পর্কে জ্ঞান অর্জন এবং তা নিজেদের মধ্যে বিনিময় করেন।
এটি এএলআরডি (মিজেরিয়া)-এর ‘ইচ্ছে’ প্রকল্পের দ্বিতীয় বছরের অর্ধবার্ষিক প্রথম সভা হিসেবে আয়োজন করা হয়। সভায় চার ক্লাস্টার নেতা মিতা রানী, পারভীন বেগম ও জেসমিন বেগম এবং ইয়ুথ লিডার ইসিতা জাহান ও তসিফ খান আলোচনায় অংশ নেন।




































