নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করে এই চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
সোমবার (২৪ আগস্ট) ট্রেজারি বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রী জানান, তেল খাতসহ ইরানের সব আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা করা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।
এর প্রতিক্রিয়ায় মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না। যুদ্ধের সময়ও তারা কিছু অর্জন করতে পারেনি।’ তিনি বলেন, ‘এতদিন যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করেছি, ভবিষ্যতেও আমরা দৃঢ়ভাবে তা মোকাবিলা করে যাব।’ যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের অর্থনীতি দুর্বল করে দেওয়ার লক্ষ্যে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা জানিয়েছে। এর জবাবেই ইরানের প্রেসিডেন্ট এমন মন্তব্য করলেন।
































