পটুয়াখালীর বাউফলে দীর্ঘদিন বন্ধ থাকার পর খাসজমি বন্দোবস্তের আবেদন দাখিল প্রক্রিয়া বাস্তবায়নে ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন শুরু হয়েছে। চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা খাসজমি বন্দোবস্তের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
এর পরিপ্রেক্ষিতে জনসমবায় দলীয় নেতাদের উদ্যোগে একটি বাস্তবায়ন টিম গঠন করা হয়। ৬ আগস্ট দলের সদস্যদের নিয়ে নিজস্ব উদ্যোগে খাসজমি বন্দোবস্তের আবেদন ফরম পূরণের অনুশীলন করা হয়। এ সময় ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম ও ইয়ুথ গ্রুপ লিডার ইসরাত জাহান মুক্তা সহযোগিতা করেন।
চার দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ৬ আগস্ট আবেদন ফরম পূরণ বিষয়ে ওরিয়েন্টেশন ও উপজেলা ভূমি কার্যালয়ের সঙ্গে যোগাযোগ, ৭ ও ৮ আগস্ট মাঠপর্যায়ে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং ৯ আগস্ট উপজেলা ভূমি কার্যালয়ে আবেদনপত্র দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এএলআরডি ও স্পিড ট্রাস্টের কর্মএলাকা চন্দ্রদ্বীপ ও নাজিরপুরে ছয়জন দলীয় নেতা, ইয়ুথ গ্রুপ লিডার ও উজ্জীবক সাইফুল ইসলামের সমন্বয়ে এ টিম গঠন করা হয়েছে।
টিমের সদস্যরা জনসমবায় দলের সদস্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন এবং খাসজমিতে বসবাসকারীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়ে ভূমি সাক্ষরতা ক্যাম্পেইন পরিচালনা করছেন। পাশাপাশি বিনামূল্যে খাসজমি বন্দোবস্তের আবেদন ফরম ও ভূমিহীন নমুনা সনদের কপি বিতরণ করা হচ্ছে।
উদ্যোক্তাদের মতে, এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাসজমি বন্দোবস্তের আবেদন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সঠিকভাবে আবেদন করতে হবে।































