সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ যাচাই করতে কৃষককে ক্রেতা সাজিয়ে অভিযান চালিয়েছে বাউফল উপজেলা কৃষি বিভাগ। শুক্রবার সকালে উপজেলার বগা বন্দর বাজারে অভিযানে অভিযোগের সত্যতা মেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন সার বিক্রেতাকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স আখিঁ এন্টারপ্রাইজকে ১০ হাজার, মেসার্স হারুন স্টোরকে ২ হাজার এবং কবির হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি অফিস জানায়, অভিযুক্ত তিন বিক্রেতার একজন বিসিআইসি ডিলার এবং দুজন খুচরা বিক্রেতা। কৃষকদের ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন।


































