ভোলায় ইভটিজিংকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় মো. আসিফ (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত ৫ জন। পুলিশ রাতেই ৪ জনকে আটক করেছে।
নিহত আসিফ ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মো. বাবুল মিয়ার ছেলে। তিনি একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- মো. রাসেল, দুলাল, মিরাজ, আমজাদ ও বাবুল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে দৌলতখান উপজেলার কদমতলার মোড়ে ঝালমুড়ি খাচ্ছিলেন রাসেল, নিশান ও সোহান। ওই সময় ফুচকা কিনতে আসেন স্থানীয় এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী। এ সময় রাসেল নিশাদ ও সোহান তাকে ইভটিজিং করে। পরে মেয়েটি বাড়ি গিয়ে তার বড় ভাই ফাহাদ ও কবিরকে জানালে তারা ছুটে এলে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর রাসেল, নিশাদ ও সোহান খবর দেয় আসিফ, দুলাল, মিরাজ, আমজাদ, বাবুলসহ ২০ জনকে।
এরপর ফাহাদ ও কবির বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আসিফ, রাসেল, দুলাল, মিরাজ, আমজাদ ও বাবুলকে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আসিফকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহতরা ভোলা ও বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতখান থানার ওসি মো. এশাদুল হক ভুঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত করছেন। নিহতের পরিবার থেকে মামলার পরে প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।





























