মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে এক নজিরবিহীন ও প্রশংসনীয় বক্তব্য দিয়েছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম। তিনি বলেছেন, অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ।
সম্প্রতি উপজেলার হাজিরহাট বাজারে স্থানীয় সচেতন নাগরিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে খোলা মাঠে দেওয়া ওসির এ বক্তব্যটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে সৃষ্টি হয়েছে ব্যাপক ইতিবাচক সাড়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিরহাট বাজারে উপস্থিত শত শত মানুষের সামনে সরাসরি পুলিশ সদস্যদের দাঁড় করিয়ে তিনি বলেন, আমি মাদকের সঙ্গে আপস করি না। কোনো জুয়ার বোর্ড থেকে পুলিশ টাকা নেয় না, মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। এমনকি আমার নিজেরও কোনো অবৈধ সম্পর্ক নেই।
জনসাধারণের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্টভাষায় তিনি আরও জানান, কোনো মাদক ব্যবসায়ী বা জুয়াড়ির সুপারিশ নিয়ে রাজনৈতিক নেতা কিংবা কোনো মাধ্যম হয়ে থানায় আসা যাবে না। ভালো মানুষ হিসেবে আইনি সেবার জন্য যে কেউ থানায় আসতে পারেন, কিন্তু অপরাধীদের সঙ্গে নিয়ে ওসির কক্ষে চা খাওয়ার দিন শেষ। পুলিশ বাহিনীতে বা সমাজের কোথাও মাদক ও জুয়াড়িদের কোনো স্থান হবে না।
বক্তব্যের একপর্যায়ে ওসি উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, পুলিশকে আপনাদের সামনে এনে দাঁড় করিয়েছি। যদি কোনো পুলিশের সঙ্গে মাদক বা জুয়াড়ির সম্পর্ক থাকে, আঙুল দিয়ে দেখিয়ে দিন। আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেব।
ওসির এই স্বচ্ছতা ও সরাসরি জবাবদিহিতার আহ্বানে উপস্থিত শত শত মানুষ হাততালি দিয়ে ও বুকভরা সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওসির এই ‘জিরো টলারেন্স’ নীতি কেবল মুখেই সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়িত হলে খুব দ্রুতই মাদক ও জুয়ামুক্ত একটি সুস্থ সমাজে পরিণত হবে।


































