দিনাজপুরের সদর উপজেলার ভূষির বন্দরের আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যাওয়া দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।
তাদের মধ্যে একজনের লাশ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে ঝানজিরা ফিরিঙ্গীর ঘাট থেকে উদ্ধার করা হয়। অন্যজনের লাশ বুধবার রাত ৮টায় ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়। নিহত শিশুরা হলো- সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের হাড়গাঁ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী শর্মি ইসলাম (১২) ও একই গ্রামের বাবুলের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী বৃষ্টি (১০)।
পার্শ্ববর্তী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসিরুল ইসলাম জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে তিন শিশু দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের ভূষিরবন্দর বেগুনতাড়া গ্রামের সুইজগেট সংলগ্ন আত্রাই নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। তাদের মধ্যে একজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুজন পানিতে তলিয়ে যায়।
সে সময় ওই মেয়ের চিৎকারে গ্রামের মানুষ দল বেধে নদীতে নেমে খোঁজাখুজি করে তাদের পায়নি। পরে বিষয়টি কোতোয়ালী থানায় জানালে পুলিশ দিনাজপুর ফায়ার সার্ভিসকে অবগত করে। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি এসে উদ্ধার কাজে অংশ নেয় এবং লাশ দুটি উদ্ধার করে। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নুরনবী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একসঙ্গে দুই শিশুর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।



































