নেত্রকোনার দুর্গাপুরের বাকলজুড়া ইউনিয়নের রামনগর গ্রামের দুই বছর ছয় মাস বয়সি হুমাইরা তাবাচ্ছুমের হার্টের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শিশুটির চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (২৬ আগস্ট) যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ডেপুটি স্পিকার জানান, গত ১৭ আগস্ট একটি টিমের মাধ্যমে হুমাইরাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পর শিশুটিকে আইসিইউ ও সিসিইউতে রাখা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বুধবার তাকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
জানা যায়, হুমাইরা রামনগর গ্রামের সাগর হোসেন ও মনি আক্তার দম্পতির মেয়ে। জন্মের পর থেকেই হৃদযন্ত্রে দুটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছিল শিশুটি। উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। পরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল।
চিকিৎসকদের ভাষ্যমতে, তার অস্ত্রোপচারটি কিছুটা জটিল ছিল। বর্তমানে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। হুমাইরার পরিবারের পক্ষ থেকে তার দ্রুত ও পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। চিকিৎসা সহায়তার বিষয়ে কায়সার কামাল জানান, মানবতার কল্যাণে তার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।




































