দক্ষিণ ভারতীয় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ বিশ্বব্যাপী বক্স অফিসে আরেকটি বড় মাইলফলক অতিক্রম করেছে। তবে বিশাল ওপেনিংয়ের পর থেকেই ছবিটির দৈনিক আয় ক্রমশ কমতে শুরু করেছে। গীতু মোহনদাস পরিচালিত মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে প্রেক্ষাগৃহে আসা এই ছবিটি বিশ্বব্যাপী ২৫০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করেছে।
স্যাকনিল্ক ডটকম-এর তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন শনিবারে (২৯ আগস্ট) ভারতে ‘টক্সিক’ আনুমানিক ২৪.৫০ কোটি রুপি নেট আয় করেছে। এদিন গোটা ভারতে ছবিটির ১৭,৬১২টি শো প্রদর্শিত হয়। এর মাধ্যমে প্রথম চারদিন শেষে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়াল ১৯০.৪৫ কোটিতে।
যদিও মুক্তির দিনে ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার ওপেনিং পেয়েছিল এবং ভারতে প্রায় ১০১.১০ কোটি রুপি নেট আয় করেছিল। তবে পরবর্তী দিনগুলোতে এর আয় বেশ কিছুটা কমে যায়। দ্বিতীয় দিনে ছবিটি প্রায় ৩৭.৬৫ কোটি এবং তৃতীয় দিনে ২৬.৬০ কোটি রুপি সংগ্রহ করে। চতুর্থ দিনে আরও ২৪.৫০ কোটি রুপি আয়ের ফলে ছবিটির দৈনিক ব্যবসায় ধারাবাহিক পতন লক্ষ্য করা গেছে।
এই পতন সত্ত্বেও, মুক্তির প্রথম চার দিনে ‘টক্সিক’ প্রেক্ষাগৃহগুলো থেকে মোটা অঙ্কের আয় ধরে রাখতে সক্ষম হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতে ছবিটির মোট গ্রস কালেকশন বর্তমানে ২২৭.৫০ কোটি রুপি। উল্লেখ্য, মিশ্র প্রতিক্রিয়া পাওয়া সত্ত্বেও ‘টক্সিক’ প্রথম দিনেই বিপুল পরিমাণ দর্শক টানতে সক্ষম হয়েছিল, যা এর বাণিজ্যিক গুরুত্বকে বিশেষভাবে ফুটিয়ে তোলে।
আন্তর্জাতিক বাজারেও ছবিটি বেশ ভালো খেল দেখিয়েছে। চতুর্থ দিনে আন্তর্জাতিক বাজার থেকে ‘টক্সিক’ আনুমানিক ৪ কোটি রুপি গ্রস আয় করেছে, যার ফলে ভারতের বাইরে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৭.২৫ কোটি রুপি।
দেশ এবং দেশের বাইরের আয় মিলিয়ে মুক্তির চার দিনে ছবিটির বিশ্বব্যাপী আনুমানিক মোট আয় পৌঁছেছে ২৫৪.৭৫ কোটি রুপিতে। এর অর্থ হলো—যশ অভিনীত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে আরামসে ২৫০ কোটি রুপির গণ্ডি পেরিয়ে গেল।
প্রতিনিয়ত ভারতের বাজারে আয়ে পতন দেখলেও, এই মাইলফলকটি ছবিটিকে কিছুটা স্বস্তি দিয়েছে। তবে পরবর্তী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে ছবিটি ভারতে ১০০ কোটি রুপিরও বেশি নেট আয় দিয়ে যাত্রা শুরু করেছিল, ওপেনিং দিনের পর দর্শকদের আগ্রহ ধরে রাখা তার জন্য অত্যন্ত জরুরি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন যশ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত। পর্তুগিজ ঔপনিবেশিক আমলে ভারতের গোয়ার পটভূমিতে নির্মিত এই ছবির গল্পটি একজন গ্যাংস্টার এবং ক্ষমতা অর্জনের পর তার উত্থান ও পতনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
যশের ভক্তদের মধ্যে ছবিটি ব্যাপক আগ্রহ তৈরি করলেও, সমালোচক ও সাধারণ দর্শকদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। আপাতত মাত্র চার দিনেই বিশ্বব্যাপী একটি বড় মাইলফলক অর্জন করতে সফল হয়েছে ‘টক্সিক’। আগামী সপ্তাহে ছবিটি কেমন পারফর্ম করে, সেদিকেই এখন সবার নজর।



































