উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।
উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রশাসনের প্রধানমন্ত্রী উনাল উস্তেল জানিয়েছেন, নৌযানটিতে ২৫৯ জন যাত্রী ও ৮ জন ক্রু সদস্য ছিলেন। উপকূলীয় শহর কিরেনিয়া থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরুর পর নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে এবং একপর্যায়ে সেটি ডুবে যায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জাহাজের ক্যাপ্টেনসহ সাতজন ক্রু সদস্যকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন উস্তেল।
নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। এতে তুরস্কের কর্তৃপক্ষও যোগ দিয়েছে। ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌযান পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দ্রুত চিকিৎসা দিতে সৈকতে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। উস্তেল জানান, নৌযানটি শনিবার তুরস্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে যাত্রা বিলম্বিত হয়।
স্থানীয় গণমাধ্যমকে তিনি বলেন, নৌযানটি দুটি বড় ঢেউয়ের আঘাতের শিকার হয়। প্রথম ঢেউয়ের পর ক্যাপ্টেন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখন দ্বিতীয় ঢেউ আঘাত করলে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে।
পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ১০০ জন যাত্রীকে তীরে আনা হয়েছে। উস্তেল বলেন, এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার মানুষের জীবন রক্ষা করা।
তিনি আরও জানান, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সামান্যতম গাফিলতিও খুঁজে বের করা হবে। দায়ী ব্যক্তি যে-ই হোন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, নিখোঁজদের উদ্ধারে উত্তর সাইপ্রাসের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
































