মৃত্যুর আগেই হয়তো বুঝেছিলেন এ পৃথিবী আর তার বসবাসের জায়গা নয়; তাইতো গত ৪ আগষ্ট ফেসবুক একাউন্ট থেকে পোষ্ট দিয়েছিলেন “জীবনের গল্প বাকি আছে অল্প”। ফেসবুকে পোষ্ট দেওয়ার দুই সপ্তাহের মধ্যে জীবন প্রদীপ নিভে গেছে পোস্টদাতা বিএনপি নেতার। মারা যাওয়া বিএনপি নেতার নাম এস.এম জাকির হোসেন (৫১)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক ছিলেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান জানান, দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন গৌরনদী পৌরসভা বিএনপি’র যুগ্ম আহবায়ক এস.এম জাকির হোসেন। পরিবার, দল এবং তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়তায় দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়।
সোমবার (১৭ আগষ্ট) নিজবাড়িতে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ আছর উপজেলা পরিষদ চত্বরে জানাজা শেষে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
































