রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসা থেকে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. রাসেল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যুতায়িত হবার পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আক্তার হোসেন জানান, তার ছেলে পেশায় রাস্তায় বেলুন ও ফুল বিক্রি করতেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদী এলাকায়। বর্তমানে তারা পরিবারের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তিনি জানান, রাসেলের এক ছেলে সন্তান রয়েছে। তিন ভাই ও তিন বোনের মধ্যে রাসেল ছিলেন সবার ছোট।
ধানমন্ডি থানার এসআই মো. ফারুক খান জানান, খবর পেয়ে ধানমন্ডির মধুবাজার এলাকার একটি বাসার সামনে রাসেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, নিহত রাসেল বিদ্যুতের তার চুরির উদ্দেশ্যে ওই এলাকায় গিয়েছিলেন। একপর্যায়ে তিনি হাত দিয়ে বিদ্যুতের তার ছিঁড়তে চেষ্টা করেন। হাত দিয়ে তারটি ছিঁড়তে না পেরে দাঁত দিয়ে কাটার চেষ্টা করলে বিদ্যুৎস্পর্শ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

































