ফেনীর ছাগলনাইয়ায় কচুগাছ কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে বালতি দিয়ে আঘাতের পর মো. ছালেহ আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছালেহ আহমদ জয়নগর গ্রামের এহছাক মিয়া মজুমদার বাড়ির মৃত আলী আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছালেহ আহমদের সঙ্গে একই এলাকার আবু বক্করের ছেলে দুলালের (৩৬) জমিজমা নিয়ে গত দুই-তিন বছর ধরে বিরোধ চলে আসছিল। শনিবার বিকালে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে সীমানার কচুগাছ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুলাল বালতি দিয়ে ছালেহ আহমদের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
এর কিছুক্ষণ পর ছালেহ আহমদ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। পরে তার মৃত্যু হয়। তবে পুলিশ জানিয়েছে, ছালেহ আহমদ আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
রাতে খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসমাইল যুগান্তরকে বলেন, কচুগাছ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। স্বজনরা অভিযোগ করেছেন, বালতি দিয়ে আঘাত করে ছালেহ আহমদকে হত্যা করা হয়েছে। তবে লাশের সুরতহাল প্রতিবেদনে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ছালেহ আহমদ আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


































