পটুয়াখালীর বাউফলে তরুণদের উদ্যোগে প্রান্তিক নারীদের স্বাবলম্বীকরণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আলোচনা সভা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বিলবিলাস গ্রামে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের যুব ফোরামের আয়োজনে এবং লোকমোর্চা কমিটি, বাউফল ইউনিয়নের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ঝুঁকি, তা মোকাবিলায় করণীয় এবং নারীদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ‘মাটির ব্যাংক’ বিতরণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এনএসএস-এর উপজেলা সমন্বয়কারী নিলুফা ইয়াসমীন, প্রকল্প সহকারী আসমা আক্তার শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন, লোকমোর্চা কমিটির সদস্য ও উজ্জীবক সাইফুল ইসলাম।
এছাড়া যুব ফোরামের মো. তসিফ, কাকুলী বেগম, ইসিতা জাহান মুক্তা ও সাহিদা বেগমসহ স্থানীয়রা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় এলাকার নারীরা নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হচ্ছেন। এসব ঝুঁকি মোকাবিলায় নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি সঞ্চয় ও নিজস্ব পুঁজি গঠনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
































