পটুয়াখালীর বাউফলে উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক-শিক্ষিকার বদলি বাতিল ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষক মো. আব্দুল্লাহ আল হাসান ও সারমিন আক্তারের বদলি বাতিল করে তাদের পুনর্বহালের দাবি জানানো হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষক সারমিন আক্তার ১৭ বছর এবং মো. আব্দুল্লাহ আল হাসান প্রায় পাঁচ বছর ধরে উত্তর কারখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করায় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে তাদের একটি সম্পর্ক তৈরি হয়েছে।
অভিভাবকদের দাবি, হঠাৎ করে দুই শিক্ষকের বদলির ফলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে তাদের বদলি বাতিল করে পুনর্বহালের দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
































