ভোলার মনপুরায় মাদ্রাসাপড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে রাতে মুখ চেপে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
তবে ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ওই ছাত্রীর মা থানায় বাদী হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেন। এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মামলা ও ঘটনার সত্যতা নিশ্চিত করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম। ধর্ষণে অভিযুক্ত মামলার আসামি হলেন মো. সুমন (২৭)। তিনি উপজেলার মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর রাত ৮টার দিকে রান্না করা তরকারি গরমের জন্য ৬ষ্ঠ শ্রেণির পড়ুয়া মেয়েকে শুকনো নারকেল পাতা আনতে বাড়ির পেছেন পাঠান। এ সময় পাশের বাড়ির যুবক সুমন ওই ছাত্রীকে মুখ চেপে জোর করে তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। পরে ছাত্রী ওই ঘটনা তার বান্ধবীকে বলে। পরে বান্ধবী ধর্ষণের শিকার ছাত্রীর মাকে ঘটনা জানায়। স্থানীয় নারী ইউপি সদস্যের পরামর্শে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় থানায় মামলা করা হয়।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার আসামিকে ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
































