রাজধানীর মোহাম্মদপুরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন— শরীফ উদ্দিন বাবু, নাজমুল হাসান, মো. ইমন ও মো. জুয়েল।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, মোহাম্মদপুর এলাকায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় ৪ জনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানার কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের, ৪ নম্বর রোডে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) কে ছুরিকাঘাত করে আহত করেছে দুর্বৃত্তরা। তার শরীরে ৪৩টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন আহতের স্বজনরা।

































