রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগে লিয়ন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় লিয়ন ও তার মা-বাবার বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিয়ন নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে ওই কলেজছাত্রীর পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। একপর্যায়ে ওই তরুণীকে বিয়ে এবং তার পরিবারের সদস্যদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ভুক্তভোগীকে স্ত্রী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগও রয়েছে লিয়নের বিরুদ্ধে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে লিয়ন ওই তরুণীর বাড়িতে গিয়ে তার কক্ষে প্রবেশ করেন। সেখানে তাকে ধর্ষণ করেন। তরুণীর চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে লিয়নকে আটক করেন। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়নকে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করায়। পরে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, আটকের সময় লিয়নের কাছ থেকে বিয়ের একটি ভুয়া এফিডেভিটের কপি এবং এনএসআইয়ের একটি জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লিয়ন বিবাহিত। একই কৌশল অবলম্বন করে তিনি এর আগেও একাধিক নারীর সঙ্গে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, আসামির কাছ থেকে ভুয়া বিয়ের কাগজ ও জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। লিয়নকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে তার মা-বাবার সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।






























