লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া পিস্তল কোমরে নিয়ে ঘুরছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি মো. নিশান ওরফে ছোট নিশান (৩০)। র্যাবের অভিযানে তাকে পিস্তল, গুলি, ছুরিসহ গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।
র্যাব জানায়, নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলার কয়েকটিতে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।
গ্রেফতারের সময় নিশানের কাছ থেকে ৫ আগস্টের পর চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, একটি আধুনিক ছুরি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অবস্থান করছিলেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে নিশান মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, নিশানকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছিল র্যাব। পরে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। চন্দ্রগঞ্জ থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি আবদুর রব বলেন, গ্রেফতার নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য এর আগেও কয়েকবার অভিযান চালানো হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।
































