আন্তর্জাতিক যুব দিবসকে ঘিরে পটুয়াখালীর বাউফলে ভিন্নধর্মী আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বেলা ১১টায় বাউফল সরকারি কলেজ মাঠ থেকে বের হওয়া র্যালিতে উঠে আসে তারুণ্যের শক্তি ও সমাজ পরিবর্তনের প্রত্যয়।
র্যালিটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবসমাজের দায়িত্ব, সম্ভাবনা ও সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন রাসেল মাহমুদ। খায়রুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কবির হোসেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে হবে। সৃজনশীল কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করলেই গড়ে উঠতে পারে সুন্দর ও বৈষম্যহীন সমাজ। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
































