সিনিয়র সাংবাদিক ও দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এক বিবৃতিতে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, পেশাদার একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, উদ্বেগজনক ও দুঃখজনক। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের নানা অসংগতি, অনিয়ম ও মানুষের অধিকার নিয়ে কাজ করেন। তাদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, আকতার ফারুক শাহীনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
অভিযোগটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে হামলার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানান তিনি।
রহমাতুল্লাহ বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ তৈরি করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। কোনো সাংবাদিককে ভয়ভীতি দেখিয়ে বা হামলা করে তার কণ্ঠরোধ করা যাবে না।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি সাংবাদিক আকতার ফারুক শাহীনের দ্রুত সুস্থতা কামনা করে তার প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেন বিএনপির এই নেতা।































