ঝিনাইদহ-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন চাইছেন দলটির অন্তত ১৭ জন নেতা। তাদের মধ্যে মনোনয়ন দৌড়ে রয়েছেন মো. সালাহউদ্দীন জোয়ার্দ্দার (মামুন)। তাকে নিয়েও এলাকায় রয়েছে জোর আলোচনা। এরই মধ্যে নৌকার টিকিটপ্রত্যাশী ১৭ জনই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মামুন জোয়ার্দ্দার বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান। ২০০০-২০০১ সালে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ৪৮ বছর বয়সী এ মনোনয়নপ্রত্যাশী ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্মান ও এলএলএম সম্পন্ন করেছেন।
১৯৯০ সাল থেকে দশম শ্রেণিতে পড়া অবস্থায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মামুন জোয়ার্দ্দারের রাজনৈতিক জীবন শুরু। ২০০১ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তার ওপর নেমে আসে নির্যাতন-নিপীড়ন। একের পর এক মামলা-হামলার কারণে দীর্ঘ ১৩ বছর পর এল.এল.এম পরীক্ষায় অংশ নিতে হয় তাকে।
মামুন জোয়ার্দ্দার শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সংগঠনের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করে এলাকায় সুনাম কুড়িয়েছেন। তিনি রাজনৈতিক জীবনের ৩৪ বছর দলের প্রতি অনুগত থেকে প্রতিটি নির্বাচন ও লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছেন।
রোববার (২৮ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুদিনব্যাপী ওই আসনের মনোনয়ন ফরম বিক্রি শেষ হয়েছে। সোমবার মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন।
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে গতকাল শনিবার ১১টি ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ ১১ ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
প্রথম দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- ওই আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের স্ত্রী ঝিনাইদহ জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোছা. সেলিনা পারভীন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোস্তাফিজুর আলম, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপ-কমিটির সদস্য পারভেজ জামান, শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আলম এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মো. নায়েব আলী জোয়ার্দ্দার।
এদিকে, রোববার দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম কিনেছেন ১১ জন। এ ৬ ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে তিন লাখ টাকা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে এ ফরম বিক্রি শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- বাংলাদেশ ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কাঁচেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পয়াদক এবং ইউনিয়ন পরিষদের টানা তিনবারের চেয়ারম্যান মো. সালাহউদ্দীন জোয়ার্দ্দার (মামুন), শৈলকুপা উপেজলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর হাসান, শৈলকুপা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. সুলতানা বুলবুলি, বাংলাদেশ যুব মহিলা লীগের সদস্য মোছা. কামরুন্নাহার, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মো. আবেদ আলী এবং ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সফিকুল ইসলাম।
গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। তার মৃত্যুর পর শূন্য হওয়া আসনটিতে ভোটগ্রহণের জন্য আগামী ৫ জুন তারিখ ঠিক করে তফসিল দেয় নির্বাচন কমিশন।
ইসি জানায়, উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

































