গাজীপুরে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হবে৷
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি ওসি মিডিয়া জালাল উদ্দিন মাহমুদ।
অভিযানে সদর থানা থেকে ৮ জন, বাসন থানা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা থেকে ২ জন, কাশিমপুর থানা থেকে ৩ জন, গাছা থানা থেকে ৫ জন, পূবাইল থানা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়।
এদিকে সোমবার বিকালে জিএমপি এক প্রেস রিলিজে জানিয়েছে, বাসন থানাধীন মোগরখাল সাকিনস্থ কলম্বিয়া গার্মেন্টেসের সামনে ময়মনসিংহ টু ঢাকাগামী পাকা রাস্তার ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং সরকারি কাজে বাধা ও হুমকি প্রদানের অপরাধে ৩০ আসামি গ্রেফতার করা হয়েছে। রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জিএমপির ওসি (মিডিয়া) জালাল উদ্দিন মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে।
































