ফিলিস্তিনের গাজা নিয়ে প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দখলদারদের এমন কাণ্ডের নিন্দা জানিয়েছে পাকিস্তান, সৌদি আরব ও মিসরসহ ৮ মুসলিম দেশ।
সোমবার (১৭ আগস্ট) যৌথ এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমন্বিত পরিকল্পনা থেকে সরাসরি সরে যাওয়ার শামিল এবং এটি পরিকল্পনাটির বাস্তবায়নকে হুমকির মুখে ফেলছে।
সেখানে আরও বলা হয়, ইসরাইলের এই প্রত্যাখ্যান গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ফলে গাজায় শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইসরাইলকেই দায়ী করা হচ্ছে।
আট দেশ জানায়, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর রোডম্যাপ গ্রহণ ছিল বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টার ফল। ইসরাইলের বর্তমান অবস্থান প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন এই প্রচেষ্টার জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।
দেশগুলো আরও বলেছে, ন্যায়সংগত, স্থায়ী ও সার্বিক শান্তি প্রতিষ্ঠা সম্ভব কেবল দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে।
বিবৃতিতে সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়ন এবং সমন্বিত শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


































