‘সমাজে যা ইচ্ছা তাই করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যায় না। আর্মি, পুলিশ, বিজিবি ও র্যাব থাকার পরও শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল।’—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে কাঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘ এ সমাবেশের আয়োজন করে।
এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরিঘাটে সেতু নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে এই সেতু নির্মাণ করব।’
তিনি বলেন, এলাকার উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনে তারেক রহমান সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। এ কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামী, রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের সভাপতি মো. আতিকুর রহমান রুবেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

































