বরিশাল অফিস: অত্যাবশ্যক ওষুধের কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।
তিনি বলেন, অত্যাবশ্যক ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কার্যকর সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী হতে পারে দাবি করে সংসদে আলোচনার মাধ্যমে তা সংশোধনের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
































