নওগাঁর মান্দায় পাঁচটি মাদ্রাসায় দাখিল ও আলিম পরীক্ষায় ঘটেছে চরম ফল বিপর্যয়। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৫৬ জন শিক্ষার্থীর একজনও পাস করতে পারেনি। এমন ফলাফলে অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে অসন্তোষ।
মোঃ সোহানুর রহমানের প্রতিবেদনে “নওগাঁর মান্দায় পাঁচ মাদ্রাসায় এবার দেখা দিয়েছে ভয়াবহ ফল বিপর্যয়। দাখিল ও আলিম পরীক্ষায় এসব প্রতিষ্ঠান থেকে মোট ৫৬ জন শিক্ষার্থী অংশ নিলেও পাস করতে পারেনি একজনও।
এর মধ্যে কুসুম্বা শাহী দাখিল মাদ্রাসায় ৯ জন, রামনগর দাখিল মাদ্রাসায় ১৩ জন, চকদেবিরাম আলিম মাদ্রাসায় ১৫ জন, চকরঘুনাথ দাখিল মাদ্রাসায় ১৩ জন এবং এলেঙ্গা দাখিল মাদ্রাসায় ৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু পাঁচটি প্রতিষ্ঠানেই পাসের হার শূন্য।
সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষক বলছেন, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি, বাসায় পড়াশোনায় অনীহা এবং অভিভাবকদের অসচেতনতার কারণে এমন ফল হয়েছে।
তবে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের দাবি, শুধু শিক্ষার্থীদের দায়ী না করে এসব প্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষার মান খতিয়ে দেখা প্রয়োজন। তারা ফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।”


































