যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পারমাণবিক হামলা চালায়, তবে ইরানও সমান শক্তিতে পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ আইনপ্রণেতা।
বুধবার (১৯ আগস্ট) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালেকি স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে তার মতে, ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ এতে পুরো বিশ্ব এক ভয়াবহ যুদ্ধের মুখে পড়বে।
মালেকি স্পষ্ট করে বলেন, ইরানের ওপর যে ধরনের অস্ত্র দিয়েই আঘাত করা হোক না কেন, তেহরানও ঠিক একই মাত্রায় তার জবাব দেবে। তবে তাদের নিজেদের পারমাণবিক অস্ত্র আছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
মালেকি আরও উল্লেখ করেন, সামরিক জবাব দেওয়ার জন্য ইরানের হাতে বহু গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তেহরান এখন শুধুই আত্মরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে।
এদিকে দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত হওয়া প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন তাদের আগের সমঝোতা মানছে না। যুক্তরাষ্ট্র আগের প্রতিশ্রুতি রক্ষা না করলে ইরান আর কোনো আলোচনায় বসবে না এবং এতে হরমুজ প্রণালিসহ বিভিন্ন আঞ্চলিক সংকট অমীমাংসিতই থেকে যাবে।
ওমানের মধ্যস্থতায় চলা আলোচনাকে তিনি একটি আলাদা প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ইরান নাকচ করে দিয়েছে বলেও জানান।
উল্লেখ্য, যুদ্ধ পরিস্থিতি অবসানে এর আগে একটি প্রাথমিক সমঝোতা স্বাক্ষরিত হলেও পরবর্তীতে হরমুজ প্রণালিসহ নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। ফলে গত ফেব্রুয়ারিতে ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে শুরু হওয়া চরম উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।




































