কনটেইনার পরিবহণে বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় এবারও ৬৮তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বন্দর। ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন সমুদ্রবন্দরের কনটেইনার পরিবহণের সংখ্যা হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বন্দর ও শিপিংবিষয়ক সংবাদমাধ্যম লয়েডস লিস্ট।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বন্দরে কনটেইনার পরিবহণ ৪ শতাংশ বাড়লেও বৈশ্বিক এই তালিকায় এর অবস্থান পরিবর্তন হয়নি। এর আগে ২০২৪ সালে রেকর্ডসংখ্যক কনটেইনার হ্যান্ডলিং করেও বৈশ্বিক তালিকায় এ বন্দর পিছিয়ে গিয়েছিল।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিটি ২০ ফুটের কনটেইনার পরিবহণ হয়েছে ৩৪ লাখ ৯ হাজার ৬৯ টিইইউস (কনটেইনার পরিমাপের একক)। ২০২৪ সালে পরিবহণ হয়েছিল ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস। সেই হিসাবে ২০২৫ সালে কনটেইনার পরিবহণ ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে বাস্তবতা হলো, এই সময় বিশ্বের সেরা ১০০ বন্দরের কনটেইনার পরিবহণের গড় প্রবৃদ্ধির চেয়ে চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির হার কম।
চট্টগ্রাম বন্দরকে নিয়ে লয়েডস লিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রবৃদ্ধি সীমিত থাকলেও এপিএম টার্মিনালস, এমএসসি ও রেড সি গেটওয়ের বড় বিনিয়োগ বাংলাদেশের প্রধান কনটেইনার বন্দরের ভবিষ্যৎকে নতুন রূপ দিচ্ছে।
এদিকে এবারও চীনের সাংহাই বন্দর সর্বোচ্চ ৫ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৫০০ টিইইউস কনটেইনার পরিবহণ করে তালিকায় শীর্ষে রয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর। তবে বন্দর ব্যবহারকারীদের মতে, এ র্যাংকিং শুধু কনটেইনার হ্যান্ডলিং সংখ্যার ভিত্তিতে প্রস্তুত করা হয়। তাই এটি কোনো বন্দরের সার্বিক সক্ষমতাকে পুরোপুরি প্রতিফলিত করে না।
সূত্র আরও জানায়, ২০২৩ সালে কনটেইনার হ্যান্ডলিং ২ দশমিক ৯ শতাংশ কমলেও লয়েডস লিস্টের ২০২৪ সালের সংস্করণে চট্টগ্রাম বন্দর ৬৭তম অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল। ২০২৩ সালের সংস্করণে ২০২২ সালের তথ্যের ভিত্তিতে তিন ধাপ পিছিয়ে ৬৭তম অবস্থানে গিয়েছিল চট্টগ্রাম বন্দর।




































