ইউক্রেনের রাজধানী কিয়েভ কিয়েভ ও আশপাশের এলাকায় রাতভর রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবারের এই হামলায় বহুতল আবাসিক ভবন ও গুদাম লক্ষ্যবস্তু করা হয়। ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধারকাজ চলছে। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় একটি শিশু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের জানালার কাচ ভেঙে গেছে এবং আশপাশে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।
শহরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোলোমিয়ানস্কি জেলায় একটি শিল্প এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানান মেয়র।
কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো জানান, বৃহত্তর কিয়েভ অঞ্চলের ব্রোভারিস্কি জেলায় হামলায় একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন।
হামলার আগে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করেছিল। পরে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেওয়া হয়।
এ ছাড়াও রাশিয়ার হামলায় রাতভর হাজার হাজার বাড়ি ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে কিয়েভ অঞ্চলের কিছু এলাকা অন্ধকারে ডুবে যায়। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামো দ্রুত মেরামতে কাজ করছেন কর্মীরা।
সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে কিয়েভে প্রায় প্রতিরাতেই হামলা হচ্ছে। কোনো কোনো রাতে এসব হামলায় বহু মানুষ নিহত ও গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এতে মস্কোর ওপর যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় বসার চাপ বাড়ছে। চলতি সপ্তাহে রাশিয়ায় পৃথক দুটি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে।



































