স্বেচ্ছাসেবক দল নেতার দাবীকৃত সাড়ে চার লাখ টাকা না দেওয়ায় বিআরডিবি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে ভিন্ন দাবি করেছেন। অভিযুক্ত কাজী আবুল কালাম গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। হামলায় আহত বিআরডিবি কর্মকর্তা কাজী আব্দুস সোবহান পিরোজপুরে বিআরডিবিতে কর্মরত এবং উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা ও গৌরনদী বন্দরের একটি বাসার ভাড়াটিয়া।
সোমবার বিকেলে থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানা গেছে, গত ২৮ আগস্ট বেলা ১১টার দিকে বাসা থেকে মোটরসাইকেলে বাজারে যাওয়ার জন্য বের হয় কাজী আব্দুস সোবহান।
পথিমধ্যে গৌরনদী মাছবাজার ব্রীজের ঢালে কাজী কালাম ও তার ২/৩ জন সহযোগিরা তার (কাজী আব্দুস সোবহান) গতিরোধ করে জিআই পাইপ ও লাঠি সোটা দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে কাজী কালাম তার (কাজী সোবহান) কাছে সাড়ে চার লাখ টাকা চাঁদা হিসেবে দাবী করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তাকে রক্তাক্ত জখম করা হয়। একপর্যায়ে সোবহানের কাছ থেকে চাঁদা বাবদ দেড় লাখ টাকা নিয়ে যায়। বাকী টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হয়।
তবে চাঁদা দাবী ও হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কাজী আবুল কালাম বলেন, অভিযোগকারী কাজী আব্দুস সোবহান আমার চাচাতো ভাই। তার সঙ্গে পারিবারিক ভাবে একটু ঝামেলা হয়েছিল। যা আগামী বুধবার আমার অন্যান্য ভাইয়েরা সমাধান করে দিবেন। এখানে চাঁদা দাবী, আদায় কিংবা হামলার কোন ঘটনা ঘটেনি।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।































