লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচা ও চাচাতো ভাইদের হামলায় আব্দুল জলিল (৩৫) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা, ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার ধওলাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল ওই গ্রামের আলকেস আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল জলিলের সঙ্গে তার চাচা আব্দুর রাজ্জাক, আশরাফ আলী এবং চাচাতো ভাই সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও বিরোধের সমাধান হয়নি। সম্প্রতি ঢাকা থেকে বাড়ি ফেরার পর বিরোধ আবারও তীব্র হয়।
শনিবার দুপুরে জমির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেনসহ কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল জলিল ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে গুরুতর আহত হন আব্দুল জলিল। তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় তার মা, ভাইসহ আরও তিনজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।































