নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ চিরাম ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন- চিরাম ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. জুয়েল মিয়া (৪২) এবং একই গ্রামের মো. ছন্দু মিয়া (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, জুয়েল মিয়া ও ছন্দু মিয়ার নিজ নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি পৃথক প্লাস্টিকের ব্যাগ থেকে মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বারহাট্টা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মামলার পর বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


































