টানা বৃষ্টি, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে ফেনী শহরের শহীদ মিনার প্রাঙ্গণ, দোয়েল চত্বর ও খেজুর চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তারা দোয়েল চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে শহরের ট্রাংক রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে। এতে অফিসফেরত মানুষ, রোগীবাহী অ্যাম্বুলেন্স, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। শহরের বিভিন্ন সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন- বন্যা ও বৈরী আবহাওয়ার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্রে ত্রুটি এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে তারা ক্ষুব্ধ। এসব ঘটনার প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানান।
এদিকে সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়া অনেক পথচারী ও যাত্রী বলেন, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সংকটের সমাধান করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে না হয়।
শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


































