বরিশাল মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সহাবস্থান নিয়ে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর ছাত্রদলের নেতারা।
মঙ্গলবার বরিশাল মহানগর পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের সদস্য সচিব নাভিদ রহমান তুষারের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা পুলিশ কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাতে নগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ছাত্রদল নেতারা নগরীতে মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিত করতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে নাভিদ রহমান তুষার বলেন, বরিশাল নগরীর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে মহানগর ছাত্রদল প্রস্তুত রয়েছে। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও মাদকমুক্ত নগর গড়ে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ছাত্রদল নেতাদের বক্তব্য শোনেন এবং নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাতে নগরীর সার্বিক নিরাপত্তা ও জনকল্যাণে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
































