বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানাধীন জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনের সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক মনির হোসেন খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।
র্যাব-৮ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে এক ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে—এমন গোপন সংবাদ পায় র্যাব। তথ্যের সত্যতা যাচাই ও অভিযানের অংশ হিসেবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জমজম ফিলিং স্টেশনের সামনে রাস্তায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়।
পরবর্তীতে সন্দেহভাজন বাসটিতে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা মনির হোসেনকে সনাক্ত করা হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার সঙ্গে থাকা নীল রঙের একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে র্যাব-৮-এর মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে র্যাবের এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
































