যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— জামদিয়া দক্ষিণপাড়ার নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০) এবং একই গ্রামের আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুমার নামাজের আগে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। একপর্যায়ে তারা বাগানের ভেতরের গভীর ওই পুকুরের পানিতে ডুবে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।
জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন বলেন, পুকুরটি নিহত শিশু ফাহিমাদের। এটি অনেকটা পরিত্যক্ত ছিল। সেখানে সাধারণত লোকজন গোসল করতে যায় না।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, পুকুরের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।



































