ঢাকা-বরিশাল মহাসড়ক ঘেষা জনগুরুত্বপূর্ণ উজিরপুর উপজেলার সানুহার-সাতলা সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগা বাজারের সামনে ঘন্টাব্যাপী যান্ত্রিক গাড়ি চলাচল বন্ধ করে রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মশিউর রহমান,ইয়াছিন ফরাজী, হিমেল, সামিয়া তালুকদারসহ শত শত লোকজন।
উল্লেখ্য- ভাঙা চোরা, খানা খন্দে ভরা সানুহার টু ধামুরা সড়কে যাতায়াত করতে গিয়ে মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে, যা স্থানীয় জনজীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। একটু বৃষ্টি হলেই চরম ঝুঁকিতে সড়ক। এমনকি বর্ষা মৌসুমে সড়কগুলোর অবস্থা আরও খারাপ হয়ে যায়। কাদা, গর্তে ভরা সড়কগুলোতে চলাচল করা এখন ঝুঁকির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সড়কের এই দুরবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কের অব্যবস্থাপনার কারণে যাত্রীদের এবং যানবাহনের জন্য চলাচল করা খুব কঠিন হয়ে পড়েছে। স্কুলের ছাত্র-ছাত্রী, চাকরিজীবী এবং ব্যবসায়ীরা সবাই এই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে শিশুদের স্কুলে যেতে এবং কর্মজীবীদের অফিসে পৌঁছাতে অনেক সময় ব্যয় হচ্ছে। অনেক পরিবার এখন তাদের কাজের জন্য অন্য পথ অবলম্বন করতে বাধ্য হচ্ছে, যা তাদের জন্য সময় ও অর্থ উভয়েই ক্ষতির কারণ। প্রতিদিনের জীবনে এই সড়ক সমস্যার কারণে স্বাস্থ্যগত ঝুঁকিও বেড়ে গেছে। নীরব দুর্ভোগে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন, কারণ তাদের দৈনন্দিন জীবনে হেঁটে চলার জন্য নিরাপদ সড়ক নেই।
বিশেষ করে, বৃদ্ধ এবং শিশুদের জন্য এটি খুবই বিপজ্জনক। সড়কের কাদা এবং গর্তের কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।সড়কের অবস্থা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছে।
তারা অভিযোগ করেছেন, সঠিক সময়ে সংস্কার না হওয়ায় এলাকা দিনদিন আরও অবহেলিত হয়ে পড়ছে। এছাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মার্কেট হাজারো ব্যবসায়ীদের দুর্ভোগ চরমে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়ক সংস্কার কাজের জন্য ইতিপূর্বে বরাদ্দ হয় এবং টেন্ডার হয়েছিলো। কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী ছিলোনা বলে সড়কটির সংস্কার কাজ করা সম্ভব হয়নি। তবে ওই সড়ক সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে, অচিরেই সংস্কার কাজ শুরু হবে বলে আসস্ত করেছেন তিনি। কিন্তু মানুষের মধ্যে হতাশা দেখা দিয়েছে, কারণ তাদের বারবার এমন আশ্বাস শুনতে শুনতে ক্লান্ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানান, আগামী সেপ্টেম্বর মাসেই রাস্তা সংস্কারের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে।



































