আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নবায়ন ও স্থানান্তর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ ‘কিওয়া’ (Qiwa) প্ল্যাটফর্ম। আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।
সৌদি গেজেট-এর বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণের প্রক্রিয়া শুরু হবে।
কিওয়া জানিয়েছে, কোনো কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে নবায়ন না হলে তাকে প্রতিষ্ঠানের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যে সময় পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই সময়ের বকেয়া আর্থিক দায় ও প্রযোজ্য ফি নিয়োগকর্তাকেই বহন করতে হবে।
আরও পড়ুন: হাদীস শরীফ বিষয়ে সাধারণ জ্ঞান
প্ল্যাটফর্মটি আরও জানায়, যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তার ইকামা (বাসস্থান অনুমতি) এখনও কমপক্ষে ১৮০ দিন বৈধ থাকে, তাহলে ওয়ার্ক পারমিট তাৎক্ষণিকভাবে নবায়ন না হলেও তাকে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে সঙ্গে সঙ্গে অপসারণ করা হবে না। তবে ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা ও জরিমানা এড়াতে নিয়োগকর্তাকে একই সঙ্গে ইকামা ও ওয়ার্ক পারমিট উভয়ই নবায়নের পরামর্শ দেওয়া হয়েছে।
কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ বা বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মরত প্রবাসীদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এ পরিস্থিতি এড়াতে বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ, পারমিট নবায়ন অথবা প্রয়োজনে কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সৌদির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।
































