আন্তর্জাতিক হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করা দুটি ‘আপত্তিকর তেলবাহী জাহাজকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ দাবি করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপের মধ্যে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথে’ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করছিল।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি আমাদের ভূখণ্ড। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকান বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই এবং এর জবাব দেওয়া হবে।’
আইআরজিসি সতর্ক করে বলেছে, ‘যতদিন এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকবে, ততদিন এই নৌপথ রাসায়নিক সার কিংবা এক ফোঁটা তেল ও গ্যাস পরিবহনের জন্যও নিরাপদ থাকবে না।’
তবে আইআরজিসির এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, ১৯ জুলাই রাত ১০টা (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়।
তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এই অভিযান চালানো হয়েছে।



































