যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি কর্মী কাজ করেন, তাদের জন্য একটি দুঃসংবাদ আসতে পারে। বর্তমানে নিয়ম হলো, এইচ-ওয়ানবি বা এ ধরনের বিশেষ ভিসায় থাকা কেউ যদি হঠাৎ চাকরি হারান, তবে নতুন একটি চাকরি খোঁজার জন্য তিনি ৬০ দিন সময় পান।
অর্থাৎ, চাকরি যাওয়ার পরও ৬০ দিন তিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্র সরকার এখন এই ৬০ দিনের সুযোগটি বাতিল করার কথা ভাবছে।
এই নতুন নিয়মটি যদি সত্যি সত্যি পাস হয়ে যায়, তবে এর ফল হবে বেশ কঠিন। এর মানে হলো, চাকরি যাওয়ার পর নতুন কাজ খোঁজার বা অন্য কোনো ভিসার আবেদন করার সুযোগ আর থাকবে না। চাকরি হারানোর প্রায় সাথে সাথেই ওই কর্মীকে এবং তার ওপর নির্ভরশীল স্ত্রী-সন্তান বা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্র ছেড়ে নিজের দেশে ফিরে যেতে হবে।
সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো, এই নিয়মের ফলে ভারতীয় প্রবাসীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন। কারণ, যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ানবি ভিসায় যারা কাজ করেন, তাদের মধ্যে সবচেয়ে বড় অংশই হলেন ভারতীয়। পরিসংখ্যানে দেখা গেছে, এ ধরনের কাজের ভিসার প্রায় ৭১ শতাংশই পান ভারতীয়রা। তাই এই নিয়ম পরিবর্তন হলে হাজার হাজার প্রবাসী কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।
২০১৭ সালে এই ৬০ দিনের নিয়মটি চালু করা হয়েছিল, যাতে দক্ষ বিদেশিরা হঠাৎ চাকরি হারিয়ে বিপদে না পড়েন। কিন্তু এখন হোয়াইট হাউস এই নিয়মটি বাতিলের প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে।
প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি ঠিকই, তবে এটি পাস হলে এইচ-ওয়ানবি ছাড়াও আরও বেশ কয়েকটি কাজের ভিসায় থাকা বিদেশিদের যুক্তরাষ্ট্রে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। সরকার বিশেষ কোনো ছাড় না দিলে, চাকরি গেলেই তাদের দেশে ফেরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

































