মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত নতুনধারা বাংলাদেশ (এনডিবি)-এর চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূর জাহান নিরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক মো. আফতাব মন্ডল ও সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকারসহ সকল রাজবন্দির অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ পঞ্চবটি মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ আগস্ট, ২০২৬) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনডিবির যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় নেতা মো. নিজাম উদ্দিন, মো. হাফিজুর রহমান, মো. জামাল হাওলাদার, মো. ফারুক মোড়ল, মো. সোহেল দুয়ারী, মো. রাকিবুল ইসলামসহ স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।
সভাপতির বক্তব্যে মো. আল আমিন বৈরাগী বলেন, “নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার নেতৃত্বে দলের নেতাকর্মীরা বিগত ১৩ বছর ধরে দেশের যেকোনো সংকটে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। অন্যায়ের প্রতিবাদ ও সত্য কথা বলার কারণে বিগত আওয়ামী লীগ শাসনামলেও তারা প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে পুলিশি হামলার শিকার হয়েছেন, তবুও আন্দোলন থেকে পিছিয়ে যাননি।”
বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তিনি অভিযোগ করেন, “বর্তমান সরকার স্বাধীনতার পক্ষের শক্তি হওয়া সত্ত্বেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ও মব বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষকে হয়রানি করছে। এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার ওপর আক্রমণের প্রতিবাদে আমরা যখন মশাল মিছিল ও সমাবেশ করি, তখন আয়াস বাহিনী আমাদের ওপর হামলা চালায়। আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও সেখানে তাঁদের অবরুদ্ধ করে হামলা করা হয়। এমন ন্যক্কারজনক ঘটনার পর উল্টো আমাদের দলের শীর্ষ নেতাদের নামেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত প্রায় এক মাস ধরে আমাদের কেন্দ্রীয় নেতারা অন্যায়ভাবে কারাগারে বন্দি রয়েছেন। আমরা অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও কারাবন্দি নেতাদের ওপর শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত তাঁদের মুক্তি দেওয়া না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।




































