বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং বরিশাল সদর উপজেলার কৃতি সন্তান জাকির হোসেন নান্নু হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৯ জুলাই) হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জাকির হোসেন নান্নুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
তিনি বলেন, জাকির হোসেন নান্নু ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির একজন নিবেদিত প্রাণ সংগঠক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের কাছে সম্মানিত ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও অঙ্গসংগঠন একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শবান নেতাকে হারালো।
শোকবার্তার শেষে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মহান আল্লাহর দরবারে মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। এদিকে শোক প্রকাশের পাশাপাশি তিনি বরিশালে অনুষ্ঠিত মরহুমের জানাযায়ও অংশ নেন।































