নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) রাত ৯টা ৫০ মিনিটে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কয়াপাড়া গ্রামের মো. ইমরানের মুরগির দোকানের সামনে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. বাবু ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তিনি মান্দা উপজেলার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ পাতায় মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদকের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেটের বাজারমূল্য ও এর উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।





























