বিনোদন ডেস্ক: বাংলা নাটক, চলচ্চিত্র ও মঞ্চের পরিচিত মুখ, গুণী অভিনেত্রী রিনা রহমান আর নেই।
দীর্ঘ অভিনয়জীবনের অসংখ্য স্মৃতি রেখে গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠনঅভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
সংগঠনটির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতার সঙ্গে লড়াই করেও অভিনয়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে শেষ সময় পর্যন্ত কাজ চালিয়ে গেছেন তিনি। শারীরিক অবস্থার অবনতির কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা অনিয়মিত হলেও মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছিলেন রিনা রহমান। বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক ‘মান অভিমান’-এ তার অনবদ্য অভিনয় দর্শকের মনে আজও উজ্জ্বল।
রিনা রহমানের প্রয়াণে দেশের সাংস্কৃতিক অঙ্গন হারালো এক নিবেদিতপ্রাণ শিল্পীকে। অভিনয়ের প্রতি তার নিষ্ঠা, সৃজনশীলতা ও অবদান বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শিল্পী হিসেবে তিনি না থাকলেও তার অসংখ্য সৃষ্টিকর্মের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন দর্শকের হৃদয়ে।

































