আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের জুয়েল মিয়া (৩৪) নামে এক সর্দারকে গ্রেফতার করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে র্যাব। মঙ্গলবার গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) র্যাব-৪ এর মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
তাতে জানানো হয়, গত বছরের ১৩ অক্টোবর রাতে মানিকগঞ্জের দৌলতপুর বাজারের ‘মা জননী জুয়েলার্স’ এর স্বত্ত্বাধিকারী দিলীপ রাজবংশী প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ২০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা সঙ্গে নিয়ে তার নিকটাত্মীয়ের মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশে রওনা হন। দৌলতপুরের চুনাবাড়ী মোড়ে পৌঁছালে রাত সোয়া ১২টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন এসে মাথায় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে আত্মগোপন করেন। পরে ভুক্তভোগী রাজবংশী দৌলতপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন।
র্যাবের বার্তায় বলা হয়, জুয়েলের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় ১টি ডাকাতি মামলা, শেরপুর জেলার সদর থানায় ১টি ডাকাতি ও ২টি অস্ত্র মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
































