প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে থাকতেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এই গণভবন থেকেই হাজারো গুম-খুন, দেশ লুট, অত্যাচার আর অপমানের নীলনকশা আঁকা হতো বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য (এমপি) আন্দালিব রহমান পার্থ।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর দিনে বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পার্থ লিখেছেন, ‘আজ জুলাই জাদুঘরে গিয়েছিলাম। আমার কাছে এটা একটা জীবন্ত জাদুঘর। কষ্টগুলো তাজা, স্মৃতিগুলো তাজা, আর অনুভবটাই তাজা। কত রক্ত, কত আত্মত্যাগ, কত খুন, কত অত্যাচার, কত নিপীড়ন এই জুলাইতে, আর এই গত ১৭ বছরের। পরিশেষে বিজয় আমাদের বাংলাদেশের।’
এই সংসদ সদস্য লিখেছেন, ‘গণভবনটা আজ শুধু জুলাই জাদুঘরই না! এটা স্বৈরশাসকের একখানা দম্ভের স্তম্ভ, অহংকারীর দুর্গ, এখান থেকেই হাজারো খুন, গুম, দেশ লুট, অত্যাচার আর অপমানের নীলনকশা আঁকা হতো।’
পার্থ আরও লিখেছেন, ‘আল্লাহর জমিনে দম্ভের সাথে হেঁটো না। নিশ্চয়ই তুমি জমিন ভেদ করে যেতে পারবে না এবং আকাশ বিদীর্ণ করে উপরে উঠতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ দম্ভকারীকে পছন্দ করেন না।’
প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের এই দিনে (৫ আগস্ট) ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা।
এরপরই গণভবন দখলে নেয় ছাত্র-জনতা, যেটিকে জুলাই জাদুঘরে রূপান্তর করেছে সাবেক অন্তর্র্বতী সরকার। বুধবার (৫ আগস্ট) অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সেই জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



































