বরিশাল অফিস: বর্তমান সরকার জনগণের মতামত উপেক্ষা করে চললে তাদেরও বেশি সময় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর।
শনিবার (৪ জুলাই) বরিশাল মহানগরীর উদ্যোগে ১১ দলীয় জোটের আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা জহির উদ্দিন বাবর বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। তাঁর দাবি, কেউ যদি আবার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করে, তবে জনগণ তা প্রতিহত করবে। তিনি আরও দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি বিরোধী দল আপত্তি থাকা সত্ত্বেও একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিয়েছিল। তাঁর অভিযোগ, বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণহত্যা, গুম, খুনসহ সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে হবে এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। তাঁর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, আইন-শৃঙ্খলার অবনতি, গুম ও হত্যার ঘটনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, পতিত সরকারের অনুসারীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। সমাবেশের শেষে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির বরিশাল জেলা সভাপতি আবু সাঈদ মুসা, বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জাগপা বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জি. এম. রাব্বি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান এবং ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
এ সময় মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































